উত্তরদিনাজপুর

প্রসবের হার একশ শতাংশ পূর্ণ করার লক্ষ্যে উত্তর দিনাজপুর জেলায় শুরু বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা

সপ্তাহ দুয়েক আগেই জেলায় এসে প্রাতিষ্ঠানিক প্রসবের হার শুনে অসন্তোষ প্রকাশ করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্র ভবনে এক প্রশাসনিক বৈঠকে বসেই জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরকে কড়া নির্দেশ দিয়েছিলেন হার বাড়ানোর জন্য। এর পরেই মুখ্যমন্ত্রীর নির্দেশকে কার্যকর করতে তৎপর হয় উত্তর দিনাজপুর জেলা প্রশাসন। আর সেই লক্ষ্য মাত্রাকে পূরণ করার লক্ষ্যে জেলার প্রতিটি ব্লকে এদিন বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করল উত্তর দিনাজপুর জেলা প্রশাসন। রায়গঞ্জের কর্নজোড়ায় ফ্ল্যাগ অফ করে প্রসূতি মায়েদের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবার উদ্বোধন করেন জেলাশাসক আয়েষা রানি। এখন থেকে ১০২ নম্বরে ডায়াল করলেই মাত্র ২৫ মিনিটের মধ্যে সন্তান সম্ভবা প্রসূতির বাড়িতে পৌঁছে যাবে অ্যাম্বুলেন্স। সঙ্গে থাকবেন একজন মহিলা স্বাস্থ্যকর্মীও। জেলার প্রত্যন্ত গ্রাম থেকে প্রসূতিদের নিয়ে সরকারি হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্যই এই উদ্যোগ। ১০২ নম্বরে ফোন পেলেই জিপিআরএস এর ম্যাধমে প্রসূতির বাড়ি খুঁজে নেবে অ্যাম্বুলেন্স। বিনামূল্যে হাসপাতালে নিয়ে যাওয়ার পাশাপাশি সন্তান প্রসবের পর হাসপাতাল থেকে বাড়িতেও পৌঁছে দেওয়া হবে। জেলা প্রশাসনের এই উদ্যোগে প্রাতিষ্ঠানিক প্রসবের হার বৃদ্ধির পাশাপাশি শিশুমৃত্যুর হারও কমানো যাবে বলেই মনে করছেন আনেকেই।

        জেলাশাসক আয়েষা রানি আরও জানান, শুধুমাত্র প্রসূতিইই নয়, এক বছর বয়স পর্যন্ত শিশুদেরও চিকিৎসা সংক্রান্ত সমস্যা হলে এই ১০২ নম্বরে ডায়াল করলেই হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার জন্য মিলবে বিনামূল্যে এই অ্যাম্বুলেন্স পরিষেবা।